রহনপুরে মাদকবিরোধী মিনি ফুটবল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
বিস্তারিত বিবরণ
“খেলায় তৃপ্তি, খেলায় বল—মাদক ছেড়ে খেলতে চল”
এই স্লোগানকে সামনে রেখে বালুঘাট ক্রীড়া সংঘের উদ্যোগে একটি মিনি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আয়োজিত এই ম্যাচটি এলাকাবাসীর মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অদ্য ২৯/০১/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার উক্ত খেলার শুভ উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মুঃ ইমতিয়াজ মাসরুর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজরাপুর মডেল একাডেমীর প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার কাউন্সিলর জনাব মোঃ শফিকুল ইসলাম মুন্না। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুটি প্রতিদ্বন্দ্বী দল—
তাহেরনগর ইয়ং জেনারেশন বনাম বেগুনবাড়ী ৭ স্টার। উভয় দলই চমৎকার নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়।
এই আয়োজনের মাধ্যমে বালুঘাট ক্রীড়া সংঘ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এক প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।